অচেনা বিদেশি নম্বর থেকে ফোন পাচ্ছেন? ধরলেই বিপদ
হঠাৎ করেই মোবাইল ও হোয়াটসঅ্যাপে অজানা আন্তর্জাতিক নম্বর থেকে ফোন কলের প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। কখনো যুক্তরাষ্ট্রের (+১), কখনো ইরান (+৯৮), ওমান, পাকিস্তান (+৯২), ভিয়েতনাম (+৮৪) কিংবা ইন্দোনেশিয়ার (+৬২) কান্ট্রি কোড ব্যবহার করে এসব কল আসছে। হঠাৎ এমন সব অচেনা দেশের নম্বর থেকে অনাকাঙ্ক্ষিত কল আসায় সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ ছড়াচ্ছে। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো সাধারণ কল নয়, এর পেছনে সক্রিয় রয়েছে একটি আন্তর্জাতিক সংঘবদ্ধ প্রতারক চক্র।
ফাঁদ পাতার অভিনব কৌশল
বিশেষজ্ঞদের মতে, ভুয়া চাকরির লোভনীয় অফার, লটারি জেতার প্রলোভন কিংবা নামী পার্সেল কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলাই এই চক্রের মূল লক্ষ্য। একবার গ্রাহকের সাথে যোগাযোগ স্থাপন করতে পারলেই তারা বিভিন্ন কৌশলে ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং ওটিপি (OTP) এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট পর্যন্ত হাতিয়ে নেয়।
এই প্রতারকদের কৌশলও বেশ ভিন্ন। অনেকে শুধু একটি ‘মিসড কল’ দিয়ে গ্রাহকের মনে কৌতূহল তৈরি করে, যাতে ভুক্তভোগী নিজে থেকে কল ব্যাক করেন। আবার অনেকে নিয়োগ সংস্থা বা জরুরি সরকারি দপ্তরের পরিচয় দিয়ে বারবার কল করে বিভ্রান্তি তৈরি করে।
বিদেশে নয়, কল আসছে ভারত থেকেই!
প্রযুক্তির অপব্যবহারের কারণে এখন আর প্রতারকদের বিদেশে বসে কাজ করতে হয় না। বর্তমানে আধুনিক ই-সিম (eSIM) ও বিভিন্ন আন্তর্জাতিক সিম কার্ড সহজলভ্য হওয়ায় সাইবার অপরাধীরা ভারতের ভেতরে বসেই আন্তর্জাতিক ভার্চুয়াল নম্বর ব্যবহার করে এই জালিয়াতি চক্র চালাচ্ছে বলে অনুসন্ধানে জানা গেছে।
তথ্য কীভাবে ছড়াচ্ছে?
অনেকের মোবাইলেই একাধিক আন্তর্জাতিক নম্বর থেকে নিয়মিত কল আসছে। বিশেষজ্ঞদের ধারণা, সাম্প্রতিক সময়ে কোনো বড় ডেটাবেজ ফাঁসের (Data Breach) ঘটনায় বিপুল পরিমাণ মোবাইল নম্বর এই প্রতারকদের হাতে চলে গেছে। যার ফলে তারা টার্গেট করে একের পর এক নম্বরে কল দিচ্ছে।
প্রতারণা থেকে বাঁচতে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ:
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সাইবার অপরাধের শিকার হয়ে পরে অনুতপ্ত হওয়ার চেয়ে আগেই সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ। এই অনাকাঙ্ক্ষিত কল থেকে বাঁচতে তারা বেশ কিছু জরুরি পরামর্শ দিয়েছেন:
-
কল রিসিভ বা ব্যাক না করা: অচেনা আন্তর্জাতিক নম্বরের কল রিসিভ করা থেকে বিরত থাকুন। বিশেষ করে কোনো মিসড কল আসলে ভুsearchেও তাতে ‘কল ব্যাক’ করবেন না। কিছু ক্ষেত্রে এসব নম্বরে ফিরতি কল করলে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা (প্রিমিয়াম চার্জ) কেটে নেওয়া হতে পারে।
-
কান্ট্রি কোড খেয়াল রাখা: ফোন নম্বরের শুরুতে থাকা কান্ট্রি কোড দেখে সতর্ক হওয়া জরুরি। ভারতের কোড (+৯১) বা বাংলাদেশের কোড (+৮৮০) ছাড়া অন্য কোনো কোড, বিশেষ করে সন্দেহজনক কোডগুলো থেকে কল আসলে তা এড়িয়ে চলুন।
-
নম্বর ব্লক ও রিপোর্ট: কোনো নম্বর থেকে কল আসলে সাথে সাথে সেটি ব্লক করুন এবং হোয়াটসঅ্যাপ বা ট্রুকলারে ‘স্প্যাম’ (Spam) হিসেবে রিপোর্ট করুন।
-
হোয়াটসঅ্যাপের বিশেষ সেটিং: হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে “Silence Unknown Callers” অপশনটি চালু রাখুন। এতে অচেনা নম্বরের কল আসলে ফোন স্বয়ংক্রিয়ভাবে নীরব (Silent) থাকবে, যা আপনাকে বিরক্তি ও ফাঁদ থেকে বাঁচাবে।
-
ডিএনডি (DND) চালু করা: ফোনে অনাকাঙ্ক্ষিত কল ও মেসেজের আনাগোনা কমাতে মোবাইল অপারেটরের মাধ্যমে ‘Do Not Disturb’ বা ডিএনডি সেবা চালু করে রাখতে পারেন।
৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের
৭ ঘন্টা আগে