ভারতের সঙ্গে সম্পর্ক সহজ করতে হাসিনা-কাদেরসহ অন্যদের হস্তান্তর চায় সরকার
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সহজ ও কার্যকর করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ভারতে অবস্থানরত অন্যদের বাংলাদেশে হস্তান্তর গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘গুরুত্বপূর্ণ শর্ত’ বলে মন্তব্য
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ আশা করে ভারত সরকার শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়টি বিবেচনা করবে। তাঁর মতে, দুই দেশের সম্পর্ক সহজ করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি শর্ত।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সাংবাদিকেরা এ বিষয়ে জানতে চাইলে তিনি সরকারের অবস্থান তুলে ধরেন।
ভারতকে সহযোগিতার আহ্বান
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে কার্যকরভাবে কাজ করতে চায়। সে ক্ষেত্রে শেখ হাসিনা ও অন্য যাঁরা ভারতে অবস্থান করছেন, তাঁদের বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতকে বিবেচনা করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে ‘ওয়ার্কিং এনগেজমেন্ট’ বজায় রাখতে চায় এবং এ ধরনের বিষয় দুই দেশের সম্পর্কের আলোচনায় গুরুত্বপূর্ণ।
ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনার প্রসঙ্গ
ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক সাক্ষাতের প্রসঙ্গও সংবাদ সম্মেলনে উঠে আসে। জাহেদ উর রহমান জানান, ওই আলোচনার বিষয়গুলোর মধ্যে শেখ হাসিনা ও অন্যদের বিষয়ে বাংলাদেশের অবস্থানও ছিল।
তিনি বলেন, তাঁর পক্ষ থেকে বাংলাদেশের অবস্থান ভারতীয় হাইকমিশনারকে জানানোর চেষ্টা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।
৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের
৬ ঘন্টা আগে