ডাকসুর প্রবেশপথে জিন্নাহ-গোলাম আজমের ছবি, পদদলিত করলেন শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে মুহাম্মদ আলী জিন্নাহ ও গোলাম আজমের ছবি রেখে পদদলিত করেছেন একদল শিক্ষার্থী। ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ ও তৎকালীন ছাত্রসংঘের নেতা আবদুল মালেকের ছবি প্রদর্শনের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি করেন, ডাকসু সংগ্রহশালায় বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস উপস্থাপনে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে।
শিক্ষার্থীদের প্রতিবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। তাঁদের বক্তব্য, ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদেই তাঁরা এ কর্মসূচি পালন করেছেন।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী শিব্বির আহমেদ বলেন, তাঁরা জিন্নাহ ও গোলাম আজমের ছবি পদদলিত করার মাধ্যমে পাকিস্তানপন্থী রাজনীতির বিরোধিতা করছেন। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা জানান তিনি।
আরেক শিক্ষার্থী আশ শামস ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁদের দাবি, নির্বাচিত প্রতিনিধিদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার পক্ষে অবস্থান নেওয়া উচিত।
সংগ্রহশালায় জিন্নাহর ছবি নিয়ে বিতর্ক
সংস্কারের পর গত রোববার ডাকসু সংগ্রহশালা নতুন করে চালু করা হয়। সেখানে পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি রাখা হয়েছিল।
এর মধ্যে ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া জিন্নাহর একটি বক্তব্যের ছবি রয়েছে। ওই বক্তব্যে তিনি উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার কথা বলেছিলেন। এ ছাড়া ১৯৪০ সালের লাহোরে মুসলিম লীগের সম্মেলনের একটি ছবি এবং ডন পত্রিকার একটি প্রতিবেদনও প্রদর্শন করা হয়।
সংগ্রহশালায় তৎকালীন ছাত্রসংঘের নেতা আবদুল মালেকের ছবিও রাখা হয়েছে।
এর আগে জিন্নাহর ছবি ছেঁড়ার ঘটনা
সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। এর পরদিন সোমবার এক শিক্ষার্থী সংগ্রহশালায় গিয়ে জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে ফেলেন।
পরে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা সেখানে ১৯৮১ সালে বায়তুল মোকাররমের সামনে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমকে জুতাপেটা করার একটি ছবি টানিয়ে দেন।
ডাকসু সংগ্রহশালায় কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব ও ঘটনা কীভাবে উপস্থাপন করা হবে, তা নিয়ে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক ও ঐতিহাসিক বিতর্ক তৈরি হয়েছে।
অনুরূপ সংবাদ
চবি আলাওল হলের প্রাধ্যক্ষকে কক্ষে রেখে তালা, অবাঞ্ছিত ঘোষণা
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর তিন ছবি ছিঁড়ে ফেললেন শিক্ষার্থী
দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯
গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের
৬ ঘন্টা আগে