দু-একটা ককটেল ফুটিয়ে, বাসে আগুন দিয়ে সরকারের সংকট তৈরি করা যাবে না
দু-একটি ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘রাজনৈতিক সংকট দেখছি না’
জাহেদ উর রহমান বলেন, রাজধানীর কিছু এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও এসবের মাধ্যমে সরকারের মধ্যে সংকট তৈরি করা সম্ভব হবে না বলে তাঁরা মনে করেন।
তিনি বলেন, তাঁরা বর্তমানে কোনো রাজনৈতিক সংকট দেখছেন না। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্ব পালন করবে—এটি মেনে নিয়েই রাজনীতি করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
আন্দোলন নিয়ে যা বললেন উপদেষ্টা
সংবাদ সম্মেলনে ভারতের সাম্প্রতিক বিভিন্ন আন্দোলনের প্রসঙ্গও টানেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ভারতে বিভিন্ন সময়ে বড় আন্দোলন হলেও সব ক্ষেত্রে সরকারের পদত্যাগের দাবি তোলা হয়নি।
তাঁর মতে, সরকারের যেখানে ব্যর্থতা রয়েছে, সেখানে চাপ তৈরি করা যেতে পারে। তবে সেই চাপের মাধ্যমে সরকার পতনের পরিস্থিতি তৈরি করার পরিবর্তে সংশ্লিষ্ট ব্যর্থতা নিয়ে কাজ করাই উপযোগী বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
ময়মনসিংহে দলবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামির বাড়িতে হামলা-ভাঙচুর
সেতুতে রডের বদলে বাঁশ, প্রকৌশলী বরখাস্ত; দুজনকে শোকজ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা