সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক
‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ নিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন একদল তরুণ আলেম। বুধবার সকালে সচিবালয়ে আইনমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আলেমরা বিলটির উদ্দেশ্যকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলেও মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাসসংক্রান্ত বিষয়ে সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
শরয়ি বিধানের সঙ্গে সামঞ্জস্যের দাবি
বৈঠকে তরুণ আলেমরা বলেন, পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশায় সম্পত্তির ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষার যে উদ্দেশ্য বিলটিতে রয়েছে, তা গুরুত্বপূর্ণ। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তরের বিষয়গুলো কোরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় প্রস্তাবিত ব্যবস্থার কিছু দিক বিশেষজ্ঞ পর্যায়ে পর্যালোচনা করা প্রয়োজন।
তাঁদের বক্তব্য অনুযায়ী, দাতার জীবদ্দশায় মালিকানা হস্তান্তর করেও সম্পত্তির ভোগাধিকার মৃত্যুর পর কার্যকর করার ব্যবস্থা প্রচলিত হেবার কাঠামোর সঙ্গে অসামঞ্জস্য তৈরি করতে পারে।
উত্তরাধিকার বঞ্চিত হওয়ার আশঙ্কার কথা
তরুণ আলেমরা আরও বলেন, প্রস্তাবিত আইনের প্রয়োগ যদি ওসিয়তের বৈশিষ্ট্য ধারণ করে, তাহলে উত্তরাধিকারীদের অধিকার নিয়ে জটিলতা তৈরি হতে পারে। একই সঙ্গে আইনের অপব্যবহারের মাধ্যমে কোনো উত্তরাধিকারীকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করার সুযোগ তৈরি হচ্ছে কি না, সেটিও পর্যালোচনা করা প্রয়োজন।
তাঁরা এ বিষয়ে আইন ও ইসলামি বিধান বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে বিস্তারিত পর্যালোচনার প্রস্তাব দেন।
বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব
বৈঠকে দেশের শীর্ষ মুফতি, ফকিহ, ইসলামি আইন গবেষক ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ পর্যালোচনা কমিটি গঠনের প্রস্তাব দেন আলেমরা।
তাঁদের প্রস্তাব, এই কমিটি বিলটির বিভিন্ন ধারা পর্যালোচনা করে এমন একটি কাঠামোর বিষয়ে মত দেবে, যাতে প্রবীণ ও দাতার সম্পত্তি-সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি মুসলিম নাগরিকদের হেবা, ওসিয়ত ও মিরাসসংক্রান্ত বিধানও বিবেচনায় থাকে।
বৈঠকে যারা ছিলেন
বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, জাতীয় উলামা মশায়েখ আইম্মাহ পরিষদের মহাসচিব মুফতি রেজাউল করিম আবরার, ইসলামবাগ মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল কাইয়ুম কাসেমী, বাংলাদেশ ফিকহ একাডেমির মহাপরিচালক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী, জাতীয় উলামা মশায়েখ আইম্মাহ পরিষদের যুগ্ম মহাসচিব মুফতি শামসুদ্দোহা আশরাফী এবং মোহাম্মদপুর মোহাম্মদী হোমস জামে মসজিদের খতিব মুফতি আদনান মাসউদসহ অন্যরা।
অনুরূপ সংবাদ
১৭২ কোটি টাকার সম্পদের অভিযোগে আনিসুল হকের বিরুদ্ধে দুদকের চার্জশিট
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
জামিনে মুক্তি পেলেন এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন তানভীর