১৭২ কোটি টাকার সম্পদের অভিযোগে আনিসুল হকের বিরুদ্ধে দুদকের চার্জশিট
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনের সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।
১৮০ কোটি টাকার বেশি সম্পদের তথ্য
দুদকের তদন্তে আনিসুল হকের নামে ও বেনামে মোট ১৮০ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৮৮১ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
দুদকের হিসাবে, বৈধ আয় থেকে পারিবারিক ব্যয় বাদ দেওয়ার পর তাঁর নিট গ্রহণযোগ্য আয় ৮ কোটি ৬১ লাখ ৪০ হাজার ৯৪০ টাকা। এর বাইরে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৭২ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৯৪১ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে দুদক।
২৩ ব্যাংক হিসাবে ৭৩৭ কোটি টাকার লেনদেন
দুদক আরও জানিয়েছে, আনিসুল হকের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২৩টি ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থের লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এসব হিসাবে মোট ৩৭৫ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা জমা এবং ৩৬১ কোটি ৭৩ লাখ ২৭ হাজার ১২৯ টাকা উত্তোলন করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
দুদকের হিসাবে, এসব হিসাবে মোট ৭৩৭ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৫৮১ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
স্বজনদের নামে সম্পদের তথ্য
দুদকের তদন্তে আনিসুল হকের স্বার্থসংশ্লিষ্ট কয়েকজনের নামেও উল্লেখযোগ্য পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে তাঁর ছোট ভাইয়ের স্ত্রী জেবুন্নেসা বেগম হকের নামে ২৩ কোটি ৩২ লাখ ২ হাজার ৩২১ টাকা, ভাগনে শেখ ইফতেখারুল ইসলামের নামে ২০ কোটি ৭১ লাখ ৮১ হাজার ৪৪৪ টাকা এবং কাজিন পরিচয়ধারী মোহাম্মদ ইকবালের নামে ৪০ কোটি ১ লাখ ২৩ হাজার ২৩৬ টাকা মূল্যের অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।
জেবুন্নেসা বেগমের নামে থাকা সম্পদের মধ্যে সিটিজেনস ব্যাংকের ১০ কোটি টাকার শেয়ার ও ১৩ কোটি টাকার এফডিআর রয়েছে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ছাড়া শেখ ইফতেখারুল ইসলামের নামে সিটিজেনস ব্যাংকের ২০ কোটি টাকার বেশি শেয়ার এবং মোহাম্মদ ইকবালের নামে ৪০ কোটি টাকার বেশি শেয়ারের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
দুদকের এসব অভিযোগের বিষয়ে আদালতের বিচারিক প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা ও দায় নির্ধারিত হবে।
অনুরূপ সংবাদ
সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
জামিনে মুক্তি পেলেন এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন তানভীর