সম্পত্তি হস্তান্তর বিল সংশোধনের দাবি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা মামুনুল হকের
সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, বিষয়টি সংশোধন না করা হলে এ ইস্যুকে কেন্দ্র করে অস্থিরতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে।
মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলেমদের সঙ্গে পরামর্শের আহ্বান
মামুনুল হক বলেন, জনগণের ধর্মীয় অনুভূতি ও ইসলামি মূল্যবোধের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে বিতর্কিত কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সমীচীন নয়। তাঁর দাবি, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি সরকারকে ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে দ্রুত বিষয়টি সংশোধনের আহ্বান জানান।
সরকারের নীতিনির্ধারণ নিয়ে প্রশ্ন
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রশ্ন তোলেন, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে কার পরামর্শে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে—এমন আইন প্রণয়নের উদ্যোগ জনমনে হতাশা তৈরি করতে পারে।
দ্রব্যমূল্য ও জ্বালানি সংকট নিয়েও বক্তব্য
বৈঠকে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন মামুনুল হক। এসব সমস্যা শিল্প, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনে বিরূপ প্রভাব ফেলছে বলে তিনি দাবি করেন।
তাঁর মতে, শুধু আশ্বাস না দিয়ে এসব সমস্যা সমাধানে সরকারকে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
দুর্নীতি ও দলীয়করণ বন্ধের দাবি
প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় পরিচয়ের প্রভাব, দুর্নীতি ও অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মামুনুল হক বলেন, রাষ্ট্র ও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি বন্ধ করতে হবে। তা না হলে জনঅসন্তোষ ভবিষ্যতে নতুন করে গণ-আন্দোলনের পরিস্থিতি তৈরি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
বৈঠকে সংগঠনের নায়েবে আমির, যুগ্ম মহাসচিবসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা বক্তব্য দেন।