জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত দেশব্যাপী ৭ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
সোমবার (১৮ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
ঈদের কারণে কর্মসূচিতে নমনীয়তা
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, “দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত কর্মসূচি হাতে নিয়েছি। যেহেতু এই সময়ের মধ্যে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, তাই দলের বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সংগঠন চাইলে আলোচনা সভা বা অন্য কোনো কর্মসূচি দুই-একদিন পরে সুবিধাজনক সময়েও পালন করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই।”
মাজার জিয়ারত ও কেন্দ্রীয় আলোচনা সভা
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩১ মে (রোববার) দুপুর ২টায় রাজধানীর রমনা ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া দিবসটি উপলক্ষে আগামী ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। ওইদিন বেলা ১১টায় দলের মহাসচিবসহ সিনিয়র ও অঙ্গ-সংগঠনের নেতারা শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন। এ সময় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ
রিজভী আরও জানান, দিবসটি উপলক্ষে ২৫ মে দলের পক্ষ থেকে বিশেষ পোস্টার প্রকাশ করা হবে। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় এবং সারাদেশে জেলা ও মহানগরী পর্যায়ে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও নিজস্ব উদ্যোগে জিয়াউর রহমানের স্মরণে পৃথক আলোচনা সভা ও কর্মসূচি পালন করবে।
অনুরূপ সংবাদ
চাঁদাবাজির অভিযোগে আটক এমপি মান্নানের ছেলে সজীব মুচলেকায় মুক্ত, যুবদল থেকে বহিষ্কার
হঠাৎ রাতে জামায়াত আমীরের পোস্ট
বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কাল