বিএনপি নেতার বাড়িতে ডিবির হানা: টেবিলের নিচ থেকে ইয়াবা উদ্ধার
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান প্রকাশ মিয়ার বিরুদ্ধে মাদক কারবারের গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর বসতবাড়ি থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
গত রবিবার (১০ মে) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ নগরের ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. শাহ আলম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। শাহ আলমকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল পতেঙ্গার দুরিয়ার পাড়ায় জিয়াউর রহমান প্রকাশ মিয়ার বাড়িতে অভিযান চালায়।
পুলিশ জানায়, জিয়ার বাড়ির ড্রয়িং রুমের টি-টেবিলের নিচে রাখা একটি টেবিল ক্যালেন্ডারের ভেতর অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মোট ৬ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করেছে ডিবি।
দলীয় সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান প্রকাশ মিয়া গত ২০২৫ সালের ২৩ জুন গঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডা. নুরুল আবছারের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ইয়াবার চালান এনে নিজ বাড়িতে মজুত করতেন এবং পরে তা মাদক কারবারিদের কাছে পাইকারি দরে বিক্রি করতেন।
এই ঘটনায় গত ১০ মে রাতে ডবলমুরিং থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুল করিম। মামলার আসামিরা হলেন: ১. মো. শাহ আলম (গ্রেপ্তার)। ২. মো. পারভেজ (পলাতক)। ৩. জিয়াউর রহমান প্রকাশ মিয়া (পলাতক)।
মামলার বিষয়টি নিশ্চিত করে পুলিশ পরিদর্শক মো. আফতাব হোসেন জানান, ইয়াবা জব্দের সময় ওই বিএনপি নেতার পক্ষ থেকে পুলিশের কাছে বিভিন্ন জায়গা থেকে তদবির আসছিল। তবে শেষ পর্যন্ত আইন অনুযায়ী ইয়াবা জব্দ করে মামলা করা হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
অনুরূপ সংবাদ
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার
নাসীরুদ্দীন ইস্যুতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের