Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা

জামায়াতে ইসলামী January 21, 2026 10:54 AM ১৭৩ দর্শক
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা

ঢাকা-১৫ আসনে ভোটের পরিবেশ বিনষ্ট করতে পারে—এমন সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে জামায়াত আমির লেখেন, “ঢাকা-১৫ আসনে ভোটের পরিবেশ বিনষ্ট করার সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি। আশা করতে চাই, শুভ বুদ্ধির উদয় হবে।”

এর আগে রাজধানীর মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার লিফলেট বিতরণকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পীরেরবাগের আল মোবারক মসজিদের সামনে সংঘটিত ওই ঘটনায় প্রাথমিকভাবে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিক্ষোভ মিছিলটি পীরেরবাগ পাকা মসজিদের সামনে থেকে শুরু হয়ে বারেক মোল্লার মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, কাফরুল পশ্চিম থানা জামায়াতের আমির আব্দুল মতিন খান, থানা নেতা আতিকুর রহমান রায়হান ও ওয়াহিদুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুরূপ সংবাদ