রাজনীতি এখনো শেষ হয়নি—পডকাস্টে নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিলেন সাকিব
ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার আগেই রাজনীতিতে যুক্ত হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে ফেরা হয়নি তাঁর।
এই প্রেক্ষাপটে সম্প্রতি এক পডকাস্টে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেন সাকিব আল হাসান। সেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন—রাজনীতি অধ্যায় এখনো তাঁর কাছে শেষ হয়ে যায়নি।
পডকাস্টে সাকিব বলেন,
“আমার মনে হয়, ক্রিকেটের অংশটা প্রায় শেষ করেছি। কিন্তু রাজনীতির অংশটা এখনো বাকি আছে। বাংলাদেশের মানুষ আর মাগুরাবাসীর জন্য কিছু করতে চাই—এটা আমার ইচ্ছা ছিল, এখনও আছে। আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান, সেটা দেখা যাক।”
দেশের বাইরে থাকলেও রাজনৈতিক বিতর্ক থামেনি
দেশে ফেরা সম্ভব না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পোস্ট ও বক্তব্য দেওয়ায় বিতর্কে জড়ান। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবারও সমালোচনার মুখে পড়েন তিনি।
রাজনৈতিক অঙ্গনে তাঁর ভবিষ্যৎ কী হবে—সেটি এখনো অনিশ্চিত। তবে এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, খেলাধুলার অধ্যায় প্রায় বন্ধের পথে হলেও রাজনীতির দরজা তিনি এখনো পুরোপুরি বন্ধ করেননি।
অনুরূপ সংবাদ
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার
নাসীরুদ্দীন ইস্যুতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের