নতুন রাজনৈতিক জোট ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জোটটির নাম রাখা হয়েছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটটির আনুষ্ঠানিক ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি জানান, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এ জোট গঠন করা হয়েছে। এ জোটে তিনটি রাজনৈতিক দল যুক্ত হয়েছে। দলগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি।
নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার এবং জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই জোট গড়া হয়েছে। ভবিষ্যতে জোটের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে এবং জনগণকে সঙ্গে নিয়েই রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ।
জোট নেতারা বলেন, বিদ্যমান রাজনৈতিক সংকট মোকাবিলা, দুর্নীতি দমন ও কার্যকর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সমন্বিতভাবে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করা হবে।
অনুরূপ সংবাদ
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার
নাসীরুদ্দীন ইস্যুতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের