Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

কোনো ‘মাইনাস ফোর’ নেই: শফিকুল আলম

জাতীয় December 5, 2025 05:21 PM ১১৩ দর্শক
কোনো ‘মাইনাস ফোর’ নেই: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বেগম খালেদা জিয়া এখন কোনো নির্দিষ্ট দলের নেত্রী নন, তিনি দেশের একজন জাতীয় নেতা। জনগণের নেতা। ‘মাইনাস ফোর’ বলতে কিছু নেই—এ ধরনের বক্তব্য একটি দুষ্টচক্রের অপপ্রচার মাত্র।

শুক্রবার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যারা এখনো ‘মাইনাস ফোর’-এর কথা বলছেন, তারা মূলত স্বৈরাচারের দোসরদের মতোই কথা বলছেন। এখানে কাউকে মাইনাস করা হয়নি। কেউ যদি বাদ পড়ে থাকে, সেটা হত্যাযজ্ঞের মতো অপরাধের কারণেই।”

আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেসব দল নিষিদ্ধ রয়েছে তারা বাদে সবাই নির্বাচনে অংশ নিতে পারবে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়নি। তারা নির্বাচন করতে চাইলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে আমাদের অবস্থান পরিষ্কার—তারা স্বৈরাচারের বড় ধরনের সহযোগী ছিল।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের ফেরত আনার বিষয়ে তিনি বলেন, “যারা হত্যাযজ্ঞে জড়িত, আমরা চাই তাদের বিচার হোক। দুজনের মৃত্যুদণ্ড হয়েছে। সরকারের পক্ষ থেকে আমরা চাই—দেশীয় ও আন্তর্জাতিক আইন মেনেই রায় কার্যকর করা হোক। তাদের আপিলের সুযোগ থাকবে।”

তিনি আরও বলেন, “যাদের হাতে রক্ত, যারা হত্যাযজ্ঞে জড়িত—তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এটা শহীদদের কাছে আমাদের দায়, আমাদের শপথ। আমাদের হাতে আর প্রায় ৭০ দিনের মতো সময় আছে। এই সময়ের মধ্যে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করা হবে। আমরা ব্যর্থ হলে পরবর্তী প্রজন্ম এ দায়িত্ব পালন করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির এবং পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন। অনুষ্ঠানের আয়োজন করে ক্রীড়া পরিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাস্তবায়নে ছিল মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।

অনুরূপ সংবাদ