বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ব্যক্তিস্বার্থের জন্য নয়, বরং এই দেশের কোটি কোটি মানুষের কল্যাণে রাজনীতি করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত দোয়া মাহফিলের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, “স্বৈরাচারী আওয়ামী সরকারের প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছিলেন বেগম খালেদা জিয়া। আইনকে শ্রদ্ধা করে তিনি মিথ্যা মামলায় আদালতে হাজির হয়েছিলেন এবং দীর্ঘদিন কারাবরণ করেছেন।” তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি নেত্রীর ওপর নির্যাতন চালানো হয়েছে।
তিনি আরও বলেন, কারামুক্তির পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি দৃশ্যমান হয়ে ওঠে। দীর্ঘদিনের মানসিক চাপ ও শারীরিক নির্যাতনের কারণেই তাঁর শরীর ভেঙে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, “এত অত্যাচারের পরও তিনি কখনো হতাশ হননি। বরং দেশের মানুষের অধিকার রক্ষার সংগ্রামে তিনি দৃঢ় অবস্থানে ছিলেন। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে তিনি রাজনীতি করেছেন।”
ড. মঈন খান বলেন, “খালেদা জিয়ার নেতৃত্বকে সম্মান জানায় গোটা জাতি। এ কারণেই তার সুস্থতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর উৎকণ্ঠা এবং দোয়ার আহ্বান রয়েছে।”
অনুরূপ সংবাদ
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার
নাসীরুদ্দীন ইস্যুতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের