খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠস্বর ছিলেন: রাশেদ খান
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ভূমিকা পালন করেছেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনিই ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নেওয়ার সাহস দেখিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে রাশেদ খান বলেন, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। তিনি দীর্ঘদিন ধরে দেশের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এসেছেন। তার সুস্থতা দেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। তার দাবি, ভারতীয় আধিপত্যবাদীরা নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক শক্তিগুলো এ ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনগণ তার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে। দ্রুত তার দেশে ফিরে আসা জনগণের প্রত্যাশা। এ বিষয়ে বিএনপি ও তারেক রহমান শিগগিরই সিদ্ধান্ত নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাশেদ খান অভিযোগ করেন, ঐকমত্য কমিশন গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। তার দাবি, এই কমিশনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর জন্য জনমত তৈরির অপচেষ্টা চলছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন আর বিলম্ব চায় না। জনগণ ভোট দিতে প্রস্তুত এবং নির্বাচিত সরকারের নেতৃত্বেই রাষ্ট্রীয় সংস্কার দেখতে চায়। তার মতে, "ভোটের মাধ্যমেই প্রকৃত সংস্কার সম্ভব—এটাই জনগণের প্রত্যাশা।"
অনুষ্ঠানে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, যুব অধিকার পরিষদের সংগঠনিক সম্পাদক মিশন আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুরূপ সংবাদ
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার
নাসীরুদ্দীন ইস্যুতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের