খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ের নেত্রী: গয়েশ্বর চন্দ্র রায়
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোটি জনতার হৃদয় জয় করেছেন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, জনগণের ভালোবাসাই প্রমাণ করে—খালেদা জিয়া এখনো দেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য নেত্রীদের একজন।
রোববার (৩০ নভেম্বর) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “এই মানুষটিকে দেশের জনগণই চায়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মহান আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করবেন এবং খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ মোকাবিলা করা সম্ভব হলেও সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতা এখনো একটি বড় চ্যালেঞ্জ। এ শক্তিগুলো সমাজে বিভাজন তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ধর্মের নামে ব্যবসা করা ভণ্ডদের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। সুস্থ গণতান্ত্রিক চর্চাই পারে রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বর বলেন, দেশে যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে এসব অপশক্তির রাজনৈতিক অবস্থান থাকবে অত্যন্ত দুর্বল। “জনগণের রায়ে এদের রাজনৈতিক শক্তি হাঁটুর নিচে নেমে আসবে”— বলেন তিনি।
অনুরূপ সংবাদ
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার
নাসীরুদ্দীন ইস্যুতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের