ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত নেওয়া নিয়ে বাংলাদেশের চিঠি পরীক্ষা করছে ভারত। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার (২৬ নভেম্বর) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, “চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে চিঠিটি খতিয়ে দেখা হচ্ছে। আমরা বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এ প্রক্রিয়ায় সকল অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।”
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, চিঠি নোট ভারবাল (কূটনৈতিক পত্র) আকারে ভারতকে পাঠানো হয়েছে। তিনি জানান, “এখনো ভারতের পক্ষ থেকে কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশা করা যায় না।”
গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর বাংলাদেশ তাকে ফেরত নেয়ার জন্য দুই দফায় অনুরোধ জানালেও সাড়া মেলেনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের ওই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন। ওই রায়ের পর বাংলাদেশের পক্ষ থেকে তৃতীয়বারের মতো ভারতের কাছে তাকে হস্তান্তরের চিঠি পাঠানো হয়েছে।
ভারতের পক্ষ ইতিমধ্যেই একটি বিবৃতিতে জানিয়েছে, “নিকট প্রতিবেশী হিসেবে আমরা বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার সঙ্গে জনগণের সর্বোত্তম স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্য অর্জনের জন্য সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।”
চিঠি খতিয়ে দেখার পর ভারতের আইনি প্রক্রিয়ার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
অনুরূপ সংবাদ
পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে ইমরান খানের কড়া বার্তা
ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুতিনের
ক্ষমা আবেদনের পর প্রথমবার আদালতে নেতানিয়াহু, তীব্র রাজনৈতিক বিতর্ক ইসরায়েলে