Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

কারাগারে ইমরান খান মৃত্যুর শিকার? সত্য-মিথ্যা কী?

আন্তর্জাতিক November 27, 2025 12:26 PM ১৭৩ দর্শক
কারাগারে ইমরান খান মৃত্যুর শিকার? সত্য-মিথ্যা কী?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর পর তার বোনদের নেতৃত্বে সেখানে বিক্ষোভ শুরু হয়। পরে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের বোন ও পিটিআই সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ নতুন করে পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। পিটিআইয়ের দাবি, বিক্ষোভ চলাকালে পুলিশ ইমরানের তিন বোন নরিন খান, আলিমা খান ও উজমা খানকে মারধর করেছে।

জানা গেছে, ইমরান খানের সঙ্গে অন্তত তিন সপ্তাহ ধরে পরিবার কিংবা আইনজীবীদের কাউকেই দেখা করতে দেওয়া হয়নি। এতে তার শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তথ্যের অভাবে গুজব আরও ছড়িয়েছে বলে দলটির অভিযোগ।

‘শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা’

ইমরানের বোনদের দাবি, ভাইয়ের সঙ্গে সাক্ষাতের দাবিতে তারা কারাগারের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। কিন্তু পুলিশ সেখানে আকস্মিকভাবে লাঠিপেটা শুরু করে।

পাঞ্জাব পুলিশের আইজিপি উসমান আনোয়ারকে পাঠানো এক চিঠিতে নরিন খান অভিযোগ করেন, ‘আমরা কোনো আইন ভঙ্গ করিনি। হঠাৎ স্ট্রিটলাইট বন্ধ করে পুলিশ আমাদের ওপর হামলা চালায়। আমার চুল ধরে টেনে রাস্তায় ফেলে দেওয়া হয়। আমি আহত হয়েছি।’

তিনি আরও জানান, ঘটনাস্থলে উপস্থিত অন্য নারীদেরও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

পিটিআইয়ের হুঁশিয়ারি ও তদন্তের দাবি

পিটিআই বলছে, ইমরান খানের বোন ও দলীয় কর্মীরা শান্তিপূর্ণভাবে বসে ছিলেন। কোনো প্রকার উসকানি ছাড়াই পুলিশ হামলে পড়ে। দলটির পক্ষ থেকে ঘটনার স্বাধীন তদন্ত এবং দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানানো হয়েছে।

‘সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয়েছে’—আইনজীবীর অভিযোগ

পিটিআইয়ের আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী বলেন, ‘ইমরান খানকে সম্পূর্ণ একাকী অবস্থায় রাখা হয়েছে। আইনজীবীদের সঙ্গে দেখা, বই ও প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়ার অনুমতি সীমিত। এখানে আইনের শাসন নয়, চলেছে জঙ্গলের আইন।’

এমনকি খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোয়েল আফ্রিদি একাধিকবার চেষ্টা করেও ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি বলে অভিযোগ করা হয়েছে।

পিটিআই আরও দাবি করেছে, কারাগারের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় একজন সেনা কর্মকর্তা অঘোষিতভাবে প্রভাব খাটাচ্ছেন, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

অনুরূপ সংবাদ