ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিএনপি মনোনীত ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের ব্যবসায়ী হোসাইন মোহাম্মদ আনোয়ার ওরফে আনোয়ার হোসেন মামলাটি করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে জানান বাদী আনোয়ার হোসেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী ধর্ম পালন করা নাগরিকের মৌলিক অধিকার। এতে আরও উল্লেখ করা হয়, ইসলাম ধর্মে বিবাহ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় বিধান। পবিত্র কোরআনের সুরা নিসার তৃতীয় আয়াত অনুযায়ী একজন মুসলিম পুরুষ চারটি পর্যন্ত বিবাহ করতে পারবেন।
একই সঙ্গে অভিযোগে উল্লেখ করা হয়, ‘মুসলিম পার্সোনাল ল (শরিয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্ট, ১৯৩৭’-এর ২ ধারায় বলা হয়েছে, মুসলিমদের বিবাহ, তালাক, ভরণপোষণসহ পারিবারিক বিষয়ে শরিয়াহ আইন প্রযোজ্য হবে।
বাদীর দাবি, আসামি সানজিদা ইসলাম তুলি ইসলামি বিবাহব্যবস্থা নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। অভিযোগে বলা হয়, এসব বক্তব্য দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধের আওতাভুক্ত।
এ বিষয়ে অভিযুক্ত প্রার্থীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অনুরূপ সংবাদ
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার
নাসীরুদ্দীন ইস্যুতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের