Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক August 11, 2025 06:23 AM ১১৫ দর্শক
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত

রোববার (১০ আগস্ট) গাজা সিটির আল-শিফা হাসপাতালের মূল ফটকের কাছে স্থাপিত সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলের হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হন। নিহতরা হলেন—প্রতিবেদক আনাস আল-শরীফ, সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ, চিত্রগ্রাহক ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মুয়ামেন আলিওয়া।

আল জাজিরা এই ঘটনাকে “গণমাধ্যমের স্বাধীনতার ওপর পরিকল্পিত আঘাত” বলে নিন্দা জানিয়েছে। সাংবাদিক সুরক্ষা কমিটি (সিপিজে)ও তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, ইসরায়েলের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই।

ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, তারা আল-শরীফকে লক্ষ্যবস্তু করেছিল, দাবি করেছে তিনি হামাসের সশস্ত্র সেলের প্রধান ছিলেন এবং রকেট হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন। তবে জাতিসংঘ এসব অভিযোগকে “অপ্রমাণিত” বলে অভিহিত করেছে।

আল জাজিরার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মোয়াওয়াদ বলেন, “আল-শরীফ গাজার ভেতরের খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার অন্যতম কণ্ঠস্বর ছিলেন। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার ভেতর থেকে সংবাদ প্রচার বন্ধ করতে চায়।”

২৮ বছর বয়সী আল-শরীফ মৃত্যুর কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজায় তীব্র গোলাবর্ষণের খবর দিয়েছিলেন। হামলার পরের ভিডিওতে দেখা যায়, নিহতদের মরদেহ বহন করা হচ্ছে, যার মধ্যে আল-শরীফও ছিলেন।

সিপিজে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ১৮৬ সাংবাদিক নিহত হয়েছেন। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ যুদ্ধে মোট প্রাণহানি ৬১ হাজার ছাড়িয়েছে।

অনুরূপ সংবাদ