কোরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়াতের
পবিত্র কোরআন শরিফ সম্পর্কে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ। একই সঙ্গে বক্তব্যটি প্রত্যাহার করে এ বিষয়ে জাতির কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মাওলানা মহিউদ্দীন রাব্বানী এ দাবি জানান।
বিবৃতিতে মাওলানা রাব্বানী দাবি করেন, সম্প্রতি গণমাধ্যমে আইনমন্ত্রীর একটি বক্তব্য প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলেছেন, ‘আমি কোরআনের আলোকে সংবিধান রচনা করতে পারি, কিন্তু কোরআনকে সংবিধান হিসেবে মানা উচিত হবে না।’ তাঁর মতে, এ বক্তব্য মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক।
তিনি বলেন, কোরআন মানুষের তৈরি কোনো সংবিধান নয় এবং এর মর্যাদা বা বিধানকে রাজনৈতিক কিংবা রাষ্ট্রীয় প্রয়োজনের ভিত্তিতে বিবেচনা করা উচিত নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, মুসলমানদের কাছে কোরআনের প্রতি বিশ্বাস ধর্মীয় বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ।
মাওলানা রাব্বানী আরও বলেন, মানুষের তৈরি সংবিধান পরিবর্তন ও সংশোধন করা সম্ভব হলেও কোরআনের বিধানকে মানুষের ইচ্ছা-অনিচ্ছা বা রাজনৈতিক সুবিধা-অসুবিধার ভিত্তিতে নির্ধারণ করা যায় না। তিনি কোরআন সম্পর্কে কোনো অস্পষ্টতা বা বিভ্রান্তিকর বক্তব্য না দেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি আরও দাবি করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের ধর্মীয় বিষয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা প্রয়োজন। প্রচারিত বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রীকে তাঁর অবস্থান জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, প্রচারিত বক্তব্যটি সঠিক হয়ে থাকলে তা প্রত্যাহার করে তওবা করতে হবে। একই সঙ্গে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের দাবি জানানো হয়।