গুম আইন নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা: নাসীরুদ্দীন পাটওয়ারী
গুম প্রতিরোধ ও প্রতিকার আইন সংশোধন এবং প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইনে নাগরিক অধিকার ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনে ভুক্তভোগী ও তাঁদের পরিবারের অধিকার, ক্ষতিপূরণ এবং তদন্তের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়গুলো যথাযথভাবে রাখা হয়নি বলে তিনি মনে করেন। তাঁর অভিযোগ, গুমের অভিযোগের তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তির ভূমিকা নিয়ে আইনে প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, গুমের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং তদন্তকারী সংস্থার জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। নাগরিকদের অধিকার সুরক্ষার জন্য প্রণীত আইনে এসব বিষয় নিশ্চিত না হলে তা নিয়ে প্রশ্ন থেকেই যাবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তাঁর ভাষ্য, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োজন হলেও এর প্রয়োগকারী সংস্থার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং সাইবার সিকিউরিটি আইন নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে এর ফয়সালা করা হবে।
এ সময় তিনি র্যাবের পরিবর্তে নতুন বাহিনী গঠনের উদ্যোগ নিয়েও সরকারের সমালোচনা করেন। তাঁর দাবি, বাহিনীর নাম পরিবর্তনের পাশাপাশি অতীতে গুম ও হত্যার অভিযোগের বিষয়ে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে হবে।
উল্লেখ্য, এর আগে ৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পাস হয়েছে। ওই আইনে গুমের ঘটনায় বিভিন্ন শাস্তির বিধান রাখা হয়েছে।
অনুরূপ সংবাদ
বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে নিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী
সাহস থাকলে ২০০১-২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: নাহিদ ইসলাম
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা বললেন পর্যটনমন্ত্রী