গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২
রাজধানীর গুলশানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধারের দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে প্রায় ১৫০ থেকে ২০০ জন জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ককটেল নিক্ষেপের দাবি
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে তাঁদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি রাবার বুলেট ছোড়ে। পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে আব্দুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ বলছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উত্তরা থেকেও চারজন গ্রেপ্তার
এর আগে বৃহস্পতিবার রাজধানীর উত্তরা এলাকা থেকে মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আরও চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুনায়েদ মৃধা (১৯), রাকিবুল হাসান (২৩), সাজ্জাদ হোসেন (১৯) ও মো. আব্দুল্লাহ (১৯)।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে কয়েকজন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ সেখানে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় একটি মিছিলের ব্যানার জব্দ করা হয়।
৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের
৭ ঘন্টা আগে