ঢামেক চিকিৎসকের ওপর হামলা: আরও দুই আসামি ৩ দিনের রিমান্ডে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাব্বির হোসেন (১৮) ও ফাহিম ইশরাক লাবিব (২০)।
সোমবার (৭ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা মো. আতিকুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৭ আগস্ট রাত ১০টার দিকে শান্তিনগর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার শেষে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে চারজন দুর্বৃত্ত চিকিৎসক আসাদুরের ওপর হামলা চালায়। প্রধান আসামি জীবন ওই চিকিৎসকের বাঁ চোখে সজোড়ে ঘুষি মেরে গুরুতর জখম করেন এবং অন্য সহযোগীরা তাঁকে রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে জীবনকে হাতেনাতে আটক করলেও অন্য তিনজন পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ১৮ আগস্ট চিকিৎসক নিজেই বাদী হয়ে শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন। তিনি জানান, হামলার কয়েক দিন আগে চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী ‘ডেভিড ইমন’-এর নামে তাঁর কাছে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার দুই দিনের মাথায় তিনি এই পরিকল্পিত হামলার শিকার হন।
মামলার তদন্ত কর্মকর্তা মো. আতিকুজ্জামান জানান, অধ্যাপক আসাদুরের ওপর হামলার এ ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মূল রহস্য উন্মোচন ও বাকিদের আইনের আওতায় আনতে রিমান্ডে পাওয়া নতুন দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে।
অনুরূপ সংবাদ
হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন খারিজ, তথ্য গোপনের অভিযোগ
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড
তথ্য গোপন করে আদালতের আদেশ নেওয়ার অভিযোগ, দুই আইনজীবীকে ৫ লাখ টাকা করে জরিমানা
জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর সরাসরি গুলি চালিয়েছিলেন: প্রসিকিউটর
৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের
৭ ঘন্টা আগে