ফেসবুক ক্যাপশন থেকে কমেন্ট বক্স, সর্বত্রই এখন ট্রোলের নতুন রসদ ‘রাগ করলা?’
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ক্রল করলেই নেটিজেনদের চোখে পড়ছে নতুন এক ট্রেন্ডিং ডায়ালগ। ফেসবুকের ওয়ালে ওয়ালে ক্যাপশন, রিলস কিংবা বন্ধুদের আড্ডার কমেন্ট বক্সে এখন একটি কথাই বারবার ঘুরেফিরে আসছে— ‘রাগ করলা?’। সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর— সবাই এখন মজেছেন এই দুই শব্দের জাদুতে। কিন্তু হঠাৎ ভাইরাল হওয়া এই ডায়ালগ ‘রাগ করলা?’ কোত্থেকে এল? কেনই বা এটি এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ের শীর্ষে? চলুন জেনে নেওয়া যাক এর পেছনের আসল গল্প।
শুরুটা যেভাবে: হাত দেখা গণকের ভাইরাল ভিডিও
এই ট্রেন্ডের শুরুটা মূলত সনাতন পদ্ধতিতে হাত দেখে ভবিষ্যৎ বলে দেওয়া এক গণকের ফেসবুক ভিডিও থেকে। গত রবিবার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শহরের এক ব্যস্ত রাস্তার পাশে কাঁধে ঝোলা নেওয়া এক গণক বেশ সুঠাম দেহের এক ব্যক্তির হাত দেখছেন এবং তাঁর ভাগ্য বদলানোর নানা উপায় বাতলে দিচ্ছেন।
সবচেয়ে মজার বিষয় হলো, হাত দেখার সময় ওই গণক অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এবং অদ্ভুত এক বাচনভঙ্গিতে কথার মাঝখানে মাঝখানে সামনের ব্যক্তিকে জিজ্ঞেস করছিলেন— ‘রাগ করলা?’। মূলত তাঁর কথা বলার এই বিশেষ ভঙ্গি, অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অবলীলায় সামনের মানুষকে প্রভাবিত করার কৌশলটি নেটিজেনদের দারুণভাবে আকৃষ্ট করে।
হাস্যরস আর স্যাটায়ারের নতুন হাতিয়ার
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ওই গণকের কথা বলার ভঙ্গি নিয়ে হাস্যরসে মেতে উঠেছেন নেটিজেনরা। শুধু ভিডিও শেয়ারিংয়েই এটি সীমাবদ্ধ থাকেনি, বরং এর সাথে যুক্ত হয়েছে সমসাময়িক নানা সামাজিক ও ব্যক্তিগত পরিস্থিতি।
সোশ্যাল মিডিয়ায় এখন দেদারসে তৈরি হচ্ছে মিম আর স্যাটায়ার (ব্যঙ্গাত্মক কনটেন্ট)। কেউ নিজের কর্মক্ষেত্রের রাগী ‘বস’-এর আচরণের সাথে মেলাচ্ছেন ওই গণকটিকে, কেউ আবার বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্টের চাপ দেওয়া শিক্ষকের মাঝে খুঁজছেন গণকের সেই প্রতিচ্ছবি। প্রেমিক-প্রেমিকার মান-অভিমানের রসাত্মক মিম তৈরিতেও ব্যবহার করা হচ্ছে এই সংলাপ।
সব মিলিয়ে, প্রতিদিনের একঘেয়েমি দূর করতে এবং যেকোনো পরিস্থিতিকে একটু হালকা চালে প্রকাশ করতে ‘রাগ করলা?’ ডায়ালগটি এখন বাঙালি নেটিজেনদের বিনোদনের অন্যতম প্রধান খোরাকে পরিণত হয়েছে।