দুই দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি। আজ রোববার (১৭ মে) সন্ধ্যায় তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিমানবন্ধরে কাতারের শ্রমমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরের গুরুত্ব ও এজেন্ডা
দোহার বাংলাদেশ দূতাবাস কাতারের শ্রমমন্ত্রীর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেছে যে, এই সফর সফল ও ফলপ্রসূ হবে এবং কাতার ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বন্ধুত্ব ও অংশীদারিত্বকে সামনের দিনগুলোতে আরও সুদৃঢ় করবে।
সফরকালে ড. আলী বিন সামিখ আল মাররি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সরকারের অন্যান্য উচ্চপদস্থ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন।
এছাড়া দুই দেশের মধ্যে একটি যৌথ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত বৈঠকে বাংলাদেশের শ্রমবাজার, জনশক্তি রপ্তানি, দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি এবং বর্তমানে কাতারে অবস্থানরত লাখো বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ও গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।