সম্পন্ন হলো সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী
সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা আজ রোববার (১৭ মে) দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।
এর আগে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগে গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন প্রবীণ এই রাজনীতিবিদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
আরও পড়ুন : রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হামিদুর রহমান সিনহা।
রাজনীতির পাশাপাশি তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী ঔষধ শিল্পগোষ্ঠী 'একমি গ্রুপ'-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দেশের শিল্প খাত ও অর্থনীতিতে তার অবদান অনস্বীকার্য।
রাজনীতিতে তিনি মুন্সীগঞ্জের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তিনি মুন্সীগঞ্জ-২ (লৌহজং-সিরাজদিখান) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে ১৯৯৬ এবং ২০০১ সালে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে চারদলীয় জোট সরকার গঠিত হলে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে মরহুমের মরদেহ তার নিজ নির্বাচনী এলাকা ও পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। তার এই প্রয়াণে দেশের রাজনৈতিক ও শিল্পাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।