বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন: অভিযুক্ত আটক
বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে মো. আম্মার (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১টার দিকে শহরের বাসাবাটি বাইনেবাড়ি এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মো. আম্মার ওই এলাকার এ এইচ এম তাসলিম মাহমুদের ছেলে। ঘটনার পর অভিযুক্ত মামাতো ভাই আব্দুল্লাহকে ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে নিহতের পরিবার।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল্লাহ বৃহস্পতিবার তার ফুফাতো ভাই আম্মারের বাড়িতে বেড়াতে আসেন। রাতে খাওয়া-দাওয়া শেষে দুই ভাই মিলে বাড়ির দোতলায় একই ঘরে ঘুমাতে যান। রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ দোতলা থেকে চিৎকারের শব্দ শুনে বাড়ির লোকজন ও স্বজনরা দ্রুত উপরে ছুটে যান। সেখানে তারা আম্মারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
দ্রুত তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আম্মারকে মৃত ঘোষণা করেন। এসময় স্বজনরা অভিযুক্ত আব্দুল্লাহকে ঘর থেকে আটক করতে সক্ষম হন।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
তিনি আরও বলেন, “হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত যুবক আমাদের হেফাজতে রয়েছে। তবে ঠিক কী কারণে বা কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।”
পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে এই ঘটনায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত আব্দুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অনুরূপ সংবাদ
৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের
৮ ঘন্টা আগে