ইডেনে মব সৃষ্টি করছে ‘ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীরা’: নাছির উদ্দীন
রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রদলের নেত্রীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করে ছাত্ররাজনীতি বন্ধের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তিনি দাবি করেছেন, এই পরিস্থিতির পেছনে ‘ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধন’ রয়েছে।
শনিবার (৯ মে) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
মৌলিক অধিকারে বাধা দেওয়ার অভিযোগ
নাছির উদ্দীন তাঁর পোস্টে উল্লেখ করেন, ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ এবং রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার। তিনি বলেন, “একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মব সৃষ্টি করে ছাত্ররাজনীতিকে বাধাগ্রস্ত করছে।”
শিবির ও ছাত্রীসংস্থার সম্পৃক্ততার দাবি
পোস্টে তিনি সরাসরি অভিযোগ করে বলেন, এর আগেও বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের পরিবেশ তৈরি করতে ‘গুপ্ত সংগঠন শিবির’ তাদের কর্মীদের ব্যবহার করেছে। তিনি তিতুমীর কলেজের একটি উদাহরণ টেনে বলেন, সেখানেও রাতের বেলা গেট ভেঙে মব সৃষ্টি করে ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করা হয়েছিল, যার নেতৃত্বে থাকা ব্যক্তি পরে শিবিরের শীর্ষ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।
ইডেন কলেজের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আজ একইভাবে ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করে ছাত্রদলের নেত্রীদের এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে। এমনকি ছাত্রীদের হল থেকেও বের করে দেওয়া হচ্ছে।”
কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি
অবিলম্বে এই ‘মব সন্ত্রাস’ এবং ছাত্রদলের নেত্রীদের হয়রানি বন্ধ না হলে ছাত্রদল কঠোর প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন নাছির উদ্দীন। একইসঙ্গে তিনি ইডেন কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের ‘কূটচাল বা ধোঁকাবাজির’ কাছে নতি স্বীকার না করে সকল শিক্ষার্থীর রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, শনিবার মধ্যরাত থেকে ইডেন কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়, যা নিয়ে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।
অনুরূপ সংবাদ
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার
নাসীরুদ্দীন ইস্যুতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের