ইরানের সাথে আলোচনা সফল, দ্রুতই যুদ্ধ শেষ হচ্ছে: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে একটি চূড়ান্ত সমঝোতার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ মে ) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং খুব দ্রুতই এই যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ইরান খুবই আগ্রহের সঙ্গে একটি চুক্তি করতে চায়। গত ২৪ ঘণ্টায় আমাদের মধ্যে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। খুব সম্ভবত আমরা একটি বড় চুক্তিতে পৌঁছাতে যাচ্ছি।” তিনি স্পষ্ট করেন যে, যেকোনো সম্ভাব্য সমঝোতার প্রধান শর্ত হবে—ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।
মার্কিন সংবাদমাধ্যম পিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, আগামী সপ্তাহে তার নির্ধারিত চীন সফরের আগেই তিনি এই সমঝোতা সম্পন্ন করতে আগ্রহী। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো কারণে আলোচনা ভেঙে যায়, তবে পুনরায় বোমা হামলা শুরু করতে তিনি দ্বিধা করবেন না।
ট্রাম্পের এমন আশাবাদী বক্তব্যের বিপরীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই কিছুটা সতর্ক অবস্থানে রয়েছেন। তিনি জানান, তেহরান এখনও মার্কিন প্রস্তাবের কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে দুই পক্ষের মধ্যে আদান-প্রদান হওয়া নথিগুলো বর্তমানে উচ্চপর্যায়ে পর্যালোচনা করা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই ত্রিদেশীয় যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে বিরোধ চরম আকার ধারণ করে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো।
ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসহ বেশ কিছু মৌলিক বিষয়ে দুই পক্ষের মধ্যে এখনও মতবিরোধ থাকলেও, ট্রাম্পের সর্বশেষ বক্তব্য যুদ্ধবিরতির নতুন আশা জাগিয়েছে। বিশ্বনেতারা এখন তাকিয়ে আছেন আগামী কয়েক দিনের কূটনৈতিক তৎপরতার দিকে।
৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের
৭ ঘন্টা আগে