রাজনীতিতে ফ্যাসিবাদী প্রবণতা এখনো রয়ে গেছে: শিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশের কিছু রাজনৈতিক দল এখনো ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারেনি। তিনি বলেন, শিবির কোনো ব্যক্তি বা নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়; তবে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট ও হত্যার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সংগঠনটি সব সময় কঠোর অবস্থানে থাকবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি ও ভূজপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত ছাত্র–যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, “আমরা কারও বিরুদ্ধে আন্দোলন করি না। কিন্তু যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, পাথর ছুড়ে মানুষ হত্যা করে, মনোনয়ন না পেয়ে নিজেদের কর্মীকে হত্যার মতো বর্বরতা দেখায়, কিংবা চাঁদাবাজি ও লুটপাটে লিপ্ত থাকে—তাদের বিরুদ্ধেই আমরা অবস্থান নেই।”
তিনি জানান, দেশের রাজনৈতিক সহিংসতা রোধে নৈতিক ও পরিষ্কার অবস্থান গ্রহণ করা জরুরি।
সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব (অব.) গোলাম হোসেন। সঞ্চালনা করেন থানা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, দক্ষিণের সভাপতি মাইনুল ইসলাম মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ আলি, উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলী, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার এবং ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দিন ইমু প্রমুখ।
অনুরূপ সংবাদ
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার
নাসীরুদ্দীন ইস্যুতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের