Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

সারাদেশ December 1, 2025 11:44 AM ৮৯ দর্শক
বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. মুছা মিয়াকে (৫৯) গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার হোসেনপুর গ্রামের পূর্বপাশে জোয়ারারবিল এলাকার একটি রাস্তার পাশের জলজ শ্যাওলা ভরা জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মুছা মিয়া ছলিমাবাদ গ্রামের বাসিন্দা ছিলেন এবং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের সঙ্গে কারও আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।

নিহতের ছেলে মোহাম্মদ উজ্জ্বল মিয়া জানান, ড্রেজার ব্যবসায়ী মোস্তফা মিয়া ফোন করে তাকে হত্যাকাণ্ডের কথা জানান। এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ দেখতে পান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। আমরা ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখছি।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারসহ স্থানীয় বাসিন্দারা দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অনুরূপ সংবাদ