জবি বাসে সিট দখল, র্যাগিং ও ধূমপান নিষিদ্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহনসেবায় শৃঙ্খলা বজায় রাখতে বাসে সিট দখল, র্যাগিং, শিক্ষার্থীকে হয়রানি, ধূমপান এবং মাদকদ্রব্য বহন ও সেবন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
খাতা-ব্যাগ রেখে সিট দখল
বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একতলা ও দ্বিতল বাস এবং বিআরটিসি থেকে ভাড়া করা বাসে কিছু শিক্ষার্থী খাতা, কলম, পানির বোতল, ব্যাগ, মানিব্যাগ কিংবা কাগজ রেখে আগেভাগে সিট দখল করছেন।
এ ছাড়া বাস কমিটির প্রভাব খাটিয়ে নবীন শিক্ষার্থীদের আসন পেতে বাধা দেওয়া বা তাঁদের হয়রানির বিষয়ও প্রশাসনের নজরে এসেছে।
র্যাগিং করলে শাস্তিমূলক ব্যবস্থা
প্রশাসন জানিয়েছে, সিট দখল কিংবা প্রভাব বিস্তারের মাধ্যমে অন্য শিক্ষার্থীর সঙ্গে অসম আচরণ করা এবং র্যাগিংয়ে জড়ানো বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী আচরণ হিসেবে গণ্য হবে।
কোনো অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বাসে ধূমপান ও মাদক নিষিদ্ধ
সরকারি আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বাসের ভেতরে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের মাদকদ্রব্য বহন বা সেবনও নিষিদ্ধ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাস ছাড়ার ১৫ মিনিট আগে দরজা খোলার নির্দেশ
নতুন নির্দেশনায় বলা হয়েছে, বাস ছাড়ার নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শিক্ষার্থীদের জন্য বাসের দরজা খুলে দিতে হবে।
চালক ও হেলপারদেরও নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে দরজা খোলার পাশাপাশি বাসে অবৈধভাবে সিট দখল বা কোনো ধরনের বিশৃঙ্খলা হচ্ছে কি না, তা নজরদারি করে প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবহনসেবাকে সুশৃঙ্খল, শিক্ষার্থীবান্ধব ও র্যাগিংমুক্ত রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অনুরূপ সংবাদ
ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস
৪ ঘন্টা আগে
জবি বাসে সিট দখল, র্যাগিং ও ধূমপান নিষিদ্ধ
৪ ঘন্টা আগে
৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের
২ দিন আগে