২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘মডেল বাজেট’ প্রস্তাব করবে জামায়াতে ইসলামী
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনে একটি ‘মডেল বাজেট প্রস্তাবনা’ জাতির সামনে উপস্থাপনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই লক্ষ্যকে সামনে রেখে আগামী মঙ্গলবার (১৯ মে) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এক প্রাক-বাজেট সংলাপের আয়োজন করেছে দলটি।
শনিবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।
জনগণের মতামত সংগ্রহ ও শিক্ষা খাতের ওপর জোর:
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে একটি মডেল বাজেট প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করবে। এরই অংশ হিসেবে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশনকে সামনে রেখে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে মতামত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
আরও পড়ুন : রাস্তায় থাকা দলগুলো জামায়াতের 'বি টিম': সাংবাদিক আনিস আলমগীর
তিনি আরও বলেন, “শিক্ষা একটি দেশের জাতীয় বাজেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। এ খাতের বাজেট ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত, অর্থবহ পরিবর্তনের জন্য কী ধরনের পলিসি নেওয়া দরকার, সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণসহ সামগ্রিক বিষয়ে শিক্ষা-সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণের মতামত জানা প্রয়োজন বলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে।”
১৯ মে-র সংলাপে যারা থাকছেন:
বিবৃতিতে জানানো হয়, এই ভাবনারই প্রেক্ষিতে আগামী ১৯ মে বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘শিক্ষাখাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন’ শীর্ষক এক প্রাক-বাজেট সংলাপের আয়োজন করা হয়েছে।
উক্ত সংলাপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং শিক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত তুলে ধরবেন।
অনুরূপ সংবাদ
বাজেটে কালো টাকা সাদা করার বিধান, কারা পাবেন এই সুবিধা?
বিরোধীদের এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকির দায়িত্ব নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ সংশোধন হচ্ছে; মেটাকে ২৪ ঘণ্টায় কনটেন্ট সরাতে বাধ্য করার বিধান যুক্ত করার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর