ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় নির্বাচনী প্রচারণাকালে হাদি গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
“রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই”— মির্জা ফখরুল
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপি মহাসচিব বলেন,
“গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই— কখনোই না। মতাদর্শে ভিন্নতা থাকতেই পারে, কিন্তু কেউ যদি ভয়ভীতি বা শক্তির আশ্রয় নেয়, তাকে সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করতে হবে।”
তিনি আরও বলেন,
“যখন পুরো জাতি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন রাজধানীর বুকে এ ধরনের ন্যাক্কারজনক হামলা নিন্দনীয়। তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্ত্রাস দমনে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেবে।”
ঘটনায় তীব্র নিন্দা
প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের পাশাপাশি প্রশ্ন উঠেছে নির্বাচনের আগে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। ঘটনাস্থল পরিদর্শনসহ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে পুলিশ।