Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

‘৫৩ বছরে যাদের চরিত্র দেখেছি, তারা নিজেরাই নিজেদের খেয়ে ফেলছে’—চরমোনাই পীর

জাতীয় December 7, 2025 12:49 PM ৪৮ দর্শক
‘৫৩ বছরে যাদের চরিত্র দেখেছি, তারা নিজেরাই নিজেদের খেয়ে ফেলছে’—চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, গত ৫৩ বছরে যারা দেশবাসীকে জিম্মি করে রেখেছিল, তাদের প্রকৃত চরিত্র জনগণ দেখে ফেলেছে। তিনি বলেন, “তারা নিজেরাই নিজেদের কাছে নিরাপদ নয়। এখন তারা নিজেরাই নিজেদের খেয়ে ফেলছে।”

শনিবার বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে আন্দোলনরত আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, “এই সিলেট থেকেই জনপ্রিয় নেতা ইলিয়াস আলী গুম হয়েছিলেন। আমার মনে হয় না তিনি আর ফিরে আসবেন।” তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর দেশ সংস্কার ও খুনি-টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার নিশ্চিত করার যে দাবি উঠেছিল, তা এখনও বাস্তবায়ন হচ্ছে না। তিনি বলেন, এ দাবিগুলো বাস্তবায়ন না হলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে না।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে সংস্কার ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে। যাঁরা আগে কেবল নির্বাচনের জন্য মরিয়া ছিলেন, এখন জনগণ জালিম ও চাঁদাবাজদের পক্ষে না থাকায় তারাই অস্থির হয়ে পড়েছেন।

তিনি সতর্ক করে বলেন, “৫ আগস্টের পর দেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমরা যারা দেশপ্রেমিক রয়েছি, যদি ব্যর্থ হই—তবে ইতিহাসে আমাদের নাম এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।”

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “আসুন, ক্ষমতাপ্রেমী, চাঁদাবাজ ও টাকা পাচারকারীদের ভোট না দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই।”

নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে বিভাগীয় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

অনুরূপ সংবাদ