Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

আলেম সমাজকে অবজ্ঞা করে দেশ এগোতে পারে না: উপদেষ্টা আসিফ মাহমুদ

জাতীয় December 4, 2025 10:56 AM ১০৬ দর্শক
আলেম সমাজকে অবজ্ঞা করে দেশ এগোতে পারে না: উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের ক্রান্তিকালে মানুষের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলেম সমাজকে উপেক্ষা করে বা অবজ্ঞা করে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর হাজারীবাগ পার্কে জামেয়া ইসলামিয়া দারুল হক্ব মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সম্মেলনের আয়োজন করা হয় ইফতা ও হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারবন্দী উপলক্ষে।

উপদেষ্টা বলেন, দ্বীনের খেদমত, সামাজিক নেতৃত্ব ও নৈতিক পুনর্জাগরণে আলেম সমাজের ভূমিকা অপরিসীম। ভবিষ্যতেও যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগে আলেমদের পাশে নিয়ে এগিয়ে যেতে সরকার আগ্রহী। তিনি সমাজে নৈতিকতা, ঐক্য ও আধ্যাত্মিক পরিবেশ জোরদার করতে সারাদেশে ক্বেরাত সম্মেলন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তরুণ প্রজন্মকে কুরআনের আলোয় গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে হাজারীবাগ এলাকার সড়ক সমস্যা, পরিবেশ দূষণসহ সার্বিক উন্নয়নে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

অনুষ্ঠানের একপর্যায়ে ইফতা ও হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে পাগড়ি পরিয়ে দেন প্রধান অতিথি। এতে সভাপতিত্ব করেন প্রখ্যাত আলেম মাওলানা তানভীর আহমেদ সিদ্দিকী।

সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা ক্বারীগণ অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন শায়েখ আহমেদ বিন ইউসুফ আজহারী, ইরানের ক্বারী মাহদি গোলাম নেযাদ, মিশরের ক্বারী শেখ আহমেদ আল জাহরি, ফিলিপাইনের ক্বারী নাজীর আসগর এবং পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বুখারী।

অনুরূপ সংবাদ