Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

মনোনয়ন চাইলেন, পেলেন না সামান্তা শারমিন—কেন?

রাজনীতি December 10, 2025 09:11 PM ৩২৮ দর্শক
মনোনয়ন চাইলেন, পেলেন না সামান্তা শারমিন—কেন?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। তবে আলোচিত নেতা ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এই তালিকায় অন্তর্ভুক্ত হননি, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, দলীয় প্রতীক শাপলা কলির পক্ষে সব নেতাকর্মীকে সক্রিয়ভাবে মাঠে নামতে হবে। তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এনসিপির অন্যতম পরিচিত মুখ সামান্তা শারমিন দল গঠনের শুরু থেকেই শীর্ষ নেতৃত্বে ছিলেন। দল গঠনের আগে তিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন। জানা গেছে, তিনি রংপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে প্রথম দফার তালিকায় তার নাম রাখা হয়নি। দলীয় সূত্র বলছে, পরবর্তী ধাপে তাকে বিবেচনা করা হতে পারে।

মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে সদস্যসচিব আখতার হোসেন জানান, প্রাথমিক তালিকাভুক্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ বা বিতর্ক উঠলে বিষয়টি যাচাই-বাছাই করা হবে। প্রয়োজন হলে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তিনি আরও জানান, তিন ধাপে সব আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

এ সময় দলের যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, এবারের তালিকায় যোগ্য, পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং ব্যতিক্রমী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রার্থীরা নির্বাচন কমিশনের সকল বিধিবিধান মেনে নির্বাচনে অংশ নেবেন।

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুর্নীতি, চাঁদাবাজি কিংবা ক্ষমতার অপব্যবহারে জড়িতদের সংসদে ঠাঁই দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও জানান, কোনো প্রার্থী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে তার প্রার্থিতা বাতিল করা হবে।

এদিকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের নাম তালিকায় না থাকায় দলীয় অন্দরমহলে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। তবে এনসিপির নেতারা বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখছেন এবং পরবর্তী ধাপের প্রতি নজর রাখার আহ্বান জানিয়েছেন।

অনুরূপ সংবাদ