নিয়োগের অপেক্ষায় থাকা প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের জন্য সুখবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর নিয়োগ ও পদায়নের সময়সূচি চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনের পর এ-সংক্রান্ত সময়সীমা ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা এসব প্রার্থীর যোগদান ও পদায়নের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।
২৪ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করতে হবে। কোনো প্রার্থীর নিয়োগপত্র জারি করা সম্ভব না হলে এর কারণ, কোটা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত উল্লেখ করে তালিকা ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।
নিয়োগপত্র জারির আগে প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা এবং আবেদনপত্রে দেওয়া তথ্য ও সনদপত্র যাচাই করতে বলা হয়েছে।
১ অক্টোবর যোগদান, ৪ অক্টোবর পদায়ন
নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। এরপর ৪ অক্টোবর তাদের পদায়নের আদেশ জারি করা হবে।
তবে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণের সময়সূচি পরে জানানো হবে বলে মন্ত্রণালয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য ও পুলিশ ভেরিফিকেশন
নিয়োগপত্র দেওয়ার আগে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ ও ডোপ টেস্টের রিপোর্ট যাচাই করতে হবে। কোনো অসংগতি পাওয়া গেলে, স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ না থাকলে কিংবা ডোপ টেস্টের রিপোর্ট নেতিবাচক হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগপত্র স্থগিত রাখার নির্দেশনা রয়েছে।
এ ছাড়া পুলিশ ভেরিফিকেশন ও এনএসআইয়ের প্রতিবেদনে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য পাওয়া গেলে তাঁর অনুকূলে নিয়োগ আদেশ জারি করা যাবে না। এসব বিষয়ে প্রয়োজনীয় প্রতিবেদন ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ৬৯ হাজারের বেশি
এর আগে গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছিল।
পরে ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।
অনুরূপ সংবাদ
তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই: ডা. জাহেদ
নৈরাজ্য বরদাশত করা হবে না: রুহুল কবির রিজভী
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান