পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
দেশের চলমান গ্যাস সংকট আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে আরও স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, গ্যাস সরবরাহে বিঘ্ন কাটাতে সরকার কাজ করছে এবং গত সপ্তাহ থেকেই ধীরে ধীরে সরবরাহ শুরু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান দেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গ্যাস সরবরাহে বিঘ্নের কারণ
প্রধানমন্ত্রী বলেন, বিদেশ থেকে আমদানি করা গ্যাস সংরক্ষণ ও সরবরাহের জন্য সাগরে দুটি জাহাজ রয়েছে। এর একটি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় অপর জাহাজটির ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং পাইপলাইনে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে।
তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় গ্যাস আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। গত সপ্তাহ থেকে সরবরাহ শুরু হওয়ায় ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।
অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধেও ব্যবস্থা
গ্যাস সংকটের আরেকটি কারণ হিসেবে অবৈধভাবে পাইপলাইন থেকে গ্যাস নেওয়ার অভিযোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, একটি অসাধু চক্র যন্ত্রের মাধ্যমে পাইপলাইন থেকে অবৈধভাবে গ্যাস নিয়ে নিজেদের লাভবান করছে, যার ফলে অন্য গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এ ধরনের অবৈধ ব্যবহার বন্ধে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বিদ্যুৎ, গ্যাস ও তেল অবৈধভাবে ব্যবহার ঠেকাতে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর
দেশে গ্যাসের মজুত রয়েছে কি না, তা নিশ্চিতভাবে জানতে অনুসন্ধান কার্যক্রম জোরদারের কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, গ্যাস অনুসন্ধান ব্যয়বহুল হলেও সরকার দেশীয় উৎস থেকে জ্বালানি সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
এ লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে সক্রিয় করার পাশাপাশি ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এসব অনুসন্ধানে গ্যাস পাওয়া গেলে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
জ্বালানি সংকটে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব
চলমান বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট শুধু বাংলাদেশের সমস্যা নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশ জ্বালানি সংকটে পড়েছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে।
তিনি বলেন, সরকার জনগণের ওপর বাড়তি চাপ না দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের
৮ ঘন্টা আগে