মেট্রোরেলের ৪৬ পিয়ারে ফাটল, ২৭ বেয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ
ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটল বা ক্র্যাক শনাক্ত হয়েছে। একই সঙ্গে ২৭টি ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাডকে ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি সেফটি অডিট কমিটির প্রতিবেদনের বিভিন্ন তথ্য তুলে ধরেন।
৭৩০ বেয়ারিং প্যাডের মধ্যে ২৭টি ‘ক্রিটিক্যাল’
মন্ত্রী জানান, মেট্রোরেল রুটে মোট ৭৩০টি বেয়ারিং প্যাড রয়েছে। সেফটি অডিটে এর মধ্যে ১৪৭টির ত্রুটি ‘মাইনর’ হিসেবে শনাক্ত করা হয়েছে। আরও ২৯৭টি বেয়ারিং প্যাডের ত্রুটি স্থাপনের সময়কার কাজ বা ওয়ার্কম্যানশিপ-সংক্রান্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ২৭টি ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাডকে ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
৩০ নভেম্বরের মধ্যে ২৭ প্যাড বদলের উদ্যোগ
সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নে ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে বলে জানান শেখ রবিউল আলম।
তিনি বলেন, বেয়ারিং প্যাড স্থানচ্যুত হওয়ার মতো ঝুঁকি তৈরি হতে পারে—এমন ১০টি স্থানে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। পাশাপাশি ২৭টি বেয়ারিং প্যাডে সেটেলমেন্ট মার্কার বসানো হয়েছে।
ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২৭টি বেয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ফাটল পর্যবেক্ষণে ১০২ স্থানে গেজ
মেট্রোরেলের ৪৬টি পিয়ারে শনাক্ত হওয়া ফাটলের ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় মেরামতকৌশল নির্ধারণের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)কে স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ছাড়া স্থাপনার বিভিন্ন অংশের স্ট্রাকচারাল ক্র্যাকের মাত্রা পরিমাপ ও নিয়মিত পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ স্থাপন করা হচ্ছে বলে সংসদে জানান মন্ত্রী।
আরও ১০০ ইভি আমদানির উদ্যোগ
সংসদে প্রশ্নোত্তর পর্বে মেট্রোরেলের পাশাপাশি গণপরিবহন নিয়ে আরও কিছু তথ্য জানান সড়ক পরিবহনমন্ত্রী।
তিনি জানান, ঢাকা, বগুড়া ও চট্টগ্রাম শহরে ১৩টি রুটে ১৪টি নারী বাস বা ‘পিংক বাস’ পরিচালিত হচ্ছে। দেশব্যাপী নারী বাসসেবা সম্প্রসারণের লক্ষ্যে আরও ১০০টি ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) আমদানির কার্যক্রম চলছে।
মন্ত্রী আরও জানান, বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ১ হাজার ২৯৮টি বাস রয়েছে। এর মধ্যে ১ হাজার ১৭২টি সচল এবং ১২৬টি অচল। বিআরটিসির ট্রাক রয়েছে ৫২৫টি, যার মধ্যে ৪৯৪টি সচল এবং ৩১টি অচল।
কর্ণফুলী টানেল নিয়ে দুদকের তদন্ত
সংসদে কর্ণফুলী টানেল নিয়েও প্রশ্নোত্তর হয়। মন্ত্রী জানান, টানেলকে ঘিরে যেসব বিনিয়োগের সম্ভাবনা আগে চিহ্নিত করা হয়েছিল, বিভিন্ন কারণে সেগুলো সময়মতো বাস্তবায়িত হয়নি।
বর্তমান সরকার টানেলকে কেন্দ্র করে দক্ষিণ চট্টগ্রামে শিল্পায়ন, বিনিয়োগ ও পর্যটনের নতুন সম্ভাবনা তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। কর্ণফুলী টানেল নির্মাণ ও বাস্তবায়নে ১০ হাজার ২৫৫ কোটি ২৯ লাখ টাকা ব্যয় হয়েছে। প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে বলেও সংসদে জানানো হয়।
মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ
সড়ক পরিবহনমন্ত্রী জানান, প্রচলিত আইন অনুযায়ী জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এসব যান মহাসড়কে চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে।
৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের
৮ ঘন্টা আগে